সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার এক হাজারের বেশি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম সদর ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত এক হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করা হয়। বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, গৃহস্থালির সামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানা যায়। জেলা বিএনপির নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

ত্রাণ বিতরণকালে মো. জাবেদ রেজা বলেন, “ভয়াবহ বন্যায় আলীকদমের সাধারণ মানুষ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিটি নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি এবং দুর্যোগ পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাশুক আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইউনুচ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনছুর আলমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।