সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম :
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাধারণ মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়া অনেক পরিবার দিনের পর দিন নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
সংগঠনটির উদ্যোগে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেরিংচরপাড়ার বন্যাকবলিত ২০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক বন্যায় টানা তিন দিন পানিবন্দি থাকা এসব পরিবারের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ কিছুটা লাঘবের চেষ্টা করা হয়।
বন্যার পানিতে ঘরবন্দি হয়ে পড়া পরিবারগুলোর অনেকেই নিরাপদ পানির অভাব, শুকনো খাবারের সংকট এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছিলেন। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্গম এলাকায় পৌঁছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ।
প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ এবং ৫০০ মিলিলিটার ভোজ্যতেল। জরুরি মুহূর্তে এসব সামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা।
ত্রাণসামগ্রী গ্রহণ করে এক উপকারভোগী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “গত তিন দিন ধরে আমরা পানিবন্দি ছিলাম। আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। চারদিকে শুধু পানি আর পানি। খাওয়ার জন্য নিরাপদ পানিও ছিল না। এমন কঠিন সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই সহযোগিতা আমরা কখনো ভুলব না।”
ত্রাণ বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখার সভাপতি এস. এম. জিয়াউদ্দিন জুয়েল বলেন, “দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আমরা জরুরি ত্রাণসামগ্রী নিয়ে তাদের পাশে এসেছি। মানবিক সংকটে কোনো মানুষ যেন অসহায় না থাকে, সে লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সম্মিলিত উদ্যোগই পারে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ায় বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। সময়োপযোগী এই মানবিক সহায়তা সংকটময় পরিস্থিতিতে তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা নুরুছাফা ভূঁইয়া বাবু, সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, সদস্য আরাফাতুল ইসলাম, সেথং ম্রো, মেনচং ম্রো এবং বসুন্ধরা শুভসংঘের অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। তারা দুর্গম এলাকায় গিয়ে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, শীত, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ, খাদ্য, চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে সংগঠনটি সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বান্দরবানের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগও সেই মানবিক ধারাবাহিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
