টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. সালমানকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। র্যাবের ভাষ্য, তিনি চাঁদাবাজি ও গুরুতর জখম মামলার অন্যতম আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তার সালমান টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।
র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, শনিবার (১৯ জুলাই) ভোরে কক্সবাজার সদর উপজেলার ফুলবাগ সড়কের চাউল বাজার এলাকায় অভিযান চালিয়ে সালমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্যমতে, গত ২ জুন টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাঙ্গর ডেইল এলাকায় একটি আরসিসি ঢালাইয়ের কাজ চলাকালে সালমান ও তার সহযোগীরা ঠিকাদার ও পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার পর দায়ের হওয়া মামলায় সালমান পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সালমানের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সালমান দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অস্ত্র সংশ্লিষ্ট একটি চক্রের সঙ্গে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেন, তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাগিনা হিসেবে এলাকায় পরিচিত এবং সেই প্রভাব ব্যবহার করে নাফ নদী সীমান্ত এলাকায় মাদক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এছাড়া স্থানীয়দের দাবি, সালমানের নেতৃত্বে রোহিঙ্গা সদস্যদের নিয়ে একটি অস্ত্রধারী চক্র সক্রিয় ছিল। তার বিরুদ্ধে জালিয়াপাড়া এলাকায় প্রভাব বিস্তার, রাখাইন সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুকান্ত জানান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের ওপর হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর পলাতক আসামি ছিলেন সালমান। শনিবার র্যাব-১৫ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
