আব্দুস সালাম,টেকনাফ :
সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে এক জালে ধরা পড়েছে ১হাজার১শ’টি লাল কোরাল মাছ। প্রতি মণ ২৬হাজার টাকা ধরে মাছগুলো প্রায় ৩৫লাখ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী রশিদ এর কাছে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাছবোঝাই ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারি ঘাটে পৌঁছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর কেরুনতলী এলাকার মিজানের মালিকানাধীন একটি ট্রলার ও একটি নৌকা ২১জন মাঝি-মাল্লা নিয়ে গত ২৩ফেব্রুয়ারি সকালে মাছ ধরতে সমুদ্রে যায়। পরদিন ২৪ ফেব্রুয়ারি দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে জেলেরা বড় একটি মাছের ঝাঁক দেখতে পান। পরে চারদিক থেকে জাল ফেললে কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ লাল কোরাল মাছ ধরা পড়ে। ফিশারি ঘাটে পৌঁছানোর পর স্থানীয় মাছ ব্যবসায়ী মো:রশিদ প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মাছগুলো কিনে নেন। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ টাকা।
স্থানীয় জেলেরা জানান, মৌসুমের শেষ দিকে এ ধরনের বড় ঝাঁক ধরা পড়া বিরল হলেও এটি তাদের জন্য বড় অর্থনৈতিক সাফল্য।
মাছ ব্যবসায়ী মোঃ রশিদ বলেন,দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করছি। কিন্তু এক জালে এত লাল কোরাল মাছ ধরা পড়া সত্যিই বিরল ঘটনা। মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ঢাকার যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, আব্দুল্লাহপুরে আড়তে পাঠানো হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শহিদুল আলম বলেন, লাল কোরাল সুস্বাদু মাছ। হাটবাজারে একসময় প্রচুর পাওয়া যেত। এখন কমে যাচ্ছে। লাল কোরাল সর্বোচ্চ ৯কেজি পর্যন্ত হয়ে থাকে।