শেফাইল উদ্দিন :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মসজিদভিত্তিক খতিব, ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের তথ্য সংগ্রহ কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ঈদগাঁও উপজেলা উলামা দল।
সরকারের উদ্যোগে সারা দেশের মসজিদ এবং মসজিদে কর্মরত জনবলের তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন। এই গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রমকে সফল করতে মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতা প্রদান করছে ঈদগাঁও উপজেলা উলামা দল।
উলামা দলের আহ্বায়ক ফখরুদ্দিন কাজলের তত্ত্বাবধানে দলীয়ভাবে উপজেলার সকল মসজিদের তথ্য দ্রুত, সুশৃঙ্খল ও নির্ভুলভাবে সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ কাজে উলামা দলের সদস্যরা প্রতিটি মসজিদের সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে উলামা দলের সভাপতি ফখরুদ্দিন কাজল বলেন, “সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে এগিয়ে নিতে আমরা দলীয়ভাবে উপজেলার প্রতিটি মসজিদভিত্তিক তথ্য সংগ্রহে কাজ করছি। অল্প সময়ের মধ্যেই সকল মসজিদের তথ্য সংগ্রহ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইমামরা দেশ ও সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি। সরকার তাদের গুরুত্ব দিচ্ছে এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছি। ২ মার্চের মধ্যে তিনি উপজেলার সকল মসজিদের দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।