সিবিএন ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কক্সবাজার জেলার রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, রাজনৈতিক নেতাদের প্রত্যয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম কক্সবাজারের সাধারণ সম্পাদক ও ডিআই সিনিয়র রাজনৈতিক ফেলো ইউসুফ বদরী’র সভাপতিত্বে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম রিজিয়নের কনসালটেন্ট সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও এমএএফ নেতারা। সহিংসতার বিরুদ্ধে প্রত্যেক দলের নেতারা প্রতিশ্রুতি দেন। এতে তারা নিজ দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যটন নগরীর লং বীচ হোটেল কক্সবাজারে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায়, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তারা অংশ নিয়ে এই প্রতিশ্রুতি দেন। সংলাপে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং নারী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা এনসিপি’র সদস্য সচিব, মোহাম্মদ ওমর ফারুক,জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক এড মোহাম্মদ ইউনুস, সুজনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি আনসার হোসেন, এখন টিভি’র কক্সবাজার প্রতিনিধি মনতোষ বেদজ্ঞ ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেস’র রিপোর্টার তাহজিবুল আলম, আদিবাসী ফোরাম কক্সবাজার’র নারীনেত্রি মাটিন টিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কক্সবাজার জেলায় রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ রক্ষায় নিজ নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনা দিবেন। কোথাও কোন সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে যৌথ উদ্যোগে সমাধান করা হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন কোনো মাধ্যমেই বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকবেন।