কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের কলাতলীতে একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ, সরাসরি আমাকে ফোন করে এন আলম গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং আহতদের ব্যাপারে খোঁজ নিয়েছেন। বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী।”
এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া দগ্ধ আরও ৪ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
গতকাল রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি স্টেশনে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি গ্যারেজ ও কয়েকটি বসতঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগ দেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গ্যাস স্টেশন ছাড়াও পাশের গ্যারেজে থাকা অন্তত ২০টি যানবাহন ও কয়েকটি বসতঘর পুড়ে যায়।
স্থানীয়দের দাবি, ঘটনার দিনই পাম্পটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই পাইপের লিকেজ থেকে গ্যাস বের হতে থাকে। মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হলে একপর্যায়ে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
