সিবিএন ডেস্ক: কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনীর কর্মীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কে অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশন-এ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে প্রথমে পাম্পে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। তবে রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১১টা পর্যন্ত পাম্পে আগুন জ্বলতে দেখা গেছে। দমকল বাহিনীর ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিস্ফোরণে পাম্পের আশপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
ঘটনার পর কলাতলী বাস টার্মিনাল থেকে শহরের বাইপাস সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।
আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
