আজিজুর রহমান রাজু :
ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ফকিরা বাজার এলাকা থেকে জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদারের নির্দেশে পুলিশের একটি চৌকস দল ফকিরা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জিয়াবুলকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াবুল হক প্রকাশ করিম ইসলামাবাদ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ১৪ আগস্ট ২০২৩ তারিখে দায়ের হওয়া একটি মামলায় তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত ঈদগাঁও গড়ে তুলতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
