এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অবৈধ বালুর ডিপোর ভিডিও ধারণ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। হামলার পর তাদের প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদ-এর চকরিয়া প্রতিনিধি জিয়াবুল হক এবং দৈনিক কালের কণ্ঠ-এর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় এক সাংবাদিকের হাত ভেঙে যায় এবং অপর দুইজন আহত হন। গুরুতর আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার হাতে অস্ত্রোপচার করে রড স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর জিম্মিদশা থেকে সাংবাদিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
