মনছুর আলম মুন্না :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ইলিয়াস কোম্পানির মালিকানাধীন “আলিফ-২” নামের একটি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণের ঘটনায় এক জেলে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ১৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত আনুমানিক ১০টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন ‘Swatch of No Ground’ এলাকায় মাছ ধরার সময়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সমুদ্রসীমার ভেতরে মাছ ধরার সময় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ ট্রলারটিকে লক্ষ্য করে প্রায় ১৭–১৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে ট্রলারের নাইয়া শাহাদাত হোসেন গুলিবিদ্ধ হন। তার পায়ে গুলি লাগে।

আহত শাহাদাত হোসেনের বাড়ি কুতুবদিয়া উপজেলার আমজাখালী এলাকায়। তাকে আজ সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ট্রলারের মালিক ইলিয়াস কোম্পানি গণমাধ্যমকে জানান, তার মালিকানাধীন “আলিফ-২” ট্রলারে ভারতীয় নৌবাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে। এতে এক নাইয়া গুরুতর আহত হন। ঘটনার সময় ট্রলারটিতে প্রায় ২৮ জন মাঝি-মাল্লা অবস্থান করছিলেন।

ঘটনার পর থেকে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলেও তিনি জানান।