নুরুল করিম ,মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় টমটমের ধাক্কায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী মোস্তফা সাদিয়া নামক এক কিশোরী।
১৪ ই ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩ ঘটিকার সময় কালারমারছড়া মাছ বাজার সংলগ্ন প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরী মোস্তফা সাদিয়া স্থানীয় কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া এলাকার ভেট্টো মাঝির মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে কালারমারছড়া মাছ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি টমটমটি শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে। ফুটফুটে এই শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘাতক টমটমটি আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ফকিরজুমপাড়া এলাকায় এখন নিস্তব্ধতা বিরাজ করছে। মেয়ের হারিয়ে যাওয়া শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা। স্থানীয় বাসিন্দারা সড়কে দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ এবং জনবহুল বাজার এলাকায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
