আতিকুর রহমান মানিক :

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন সাগরে টানা জালের এক খেপে ধরা পড়েছে দেড় শতাধিক তবল মাছ। প্রতিটি আনুমানিক ১০ থেকে ২৫ কেজি ওজনের মাছগুলো ব্যবসায়ীরা কিনে নিয়েছেন ৬ লাখ টাকায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটে মাছবোঝাই ফিশিং বোটটি এসে ভিড়ে।

এর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা হোসেনের ছেলে এরশাদ উল্লাহ মাঝির মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক আলী হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ২১ জন জেলে ফিশিং বোট নিয়ে সাগরে মাছ ধরতে যান। তারা সাগরে টানা জাল ফেলে অপেক্ষা করেন। পরে জাল টেনে তোলার সময় বড় বড় তবল ( স্থানীয়ভাবে যাকে গোয়া মাইঠ্যা বলা হয় ) মাছ জালে আটকা পড়তে দেখা যায়।

ফিশিং বোটের মাঝি এরশাদ উল্লাহ বলেন, ভোররাতে জেলেরা সাগরে জাল ফেলে। পরে সকালে জাল টেনে তোলার সময় একসঙ্গে এত বড় আকারের তবল মাছ ধরা পড়বে, তা কল্পনাও করিনি। মাছগুলো দেখে জেলেরা উল্লাসে ফেটে পড়ে।”
তিনি আরো জানান, স্থানীয় মাছ ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট মাছগুলো ৬ লাখ টাকায় কিনে নিয়েছে।

চিংড়ি ও মৎস্য চাষ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ক্রিসেন্ট এ্যাকুয়া কনসালটেন্সি সূত্র জানায়, তবল মাছ ইংরেজিতে Trevally Fish নামে পরিচিত।
এটি অত্যন্ত সুস্বাদু এবং প্রোটিনসমৃদ্ধ পেশীবহুল সামুদ্রিক মাছ। এর বিশেষত্ব হলো, মাংসে প্রায় কোনো কাঁটা থাকে না।

সমুদ্রের প্রাকৃতিক পরিবেশে এই মাছ ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত বড় হতে পারে।