প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের প্রবীণ আলেমেদ্বীন, বিশিষ্ট সমাজসংস্কারক, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালীর বাসিন্দা মাওলানা নাজির হোসাইন রহ. রবিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
একইদিন বাদ আছর নামাযে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। মরহুমের বড় সন্তান, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগীয় সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আশেকুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত নামাযে জানাযায় আলেম-ওলামা, রাজনীতিবিদ, সমাজহিতৈষী, মরহুমের অসংখ্য শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক শোকার্ত তাওহিদী জনতা শরীক হন।

নামাযে জানাযার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তৈয়ব, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালনা পর্ষদ প্রধান মাওলানা হেফাজতুর রহমান, কক্সবাজার পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলাইমান কাসেমী প্রমুখ।

জেলার বরেণ্য আলেমেদ্বীন মাওলানা নাজির হোসাইন রহ. প্রাথমিক শিক্ষা শেষে দেশের বিভিন্ন প্রসিদ্ধ মাদরাসায় অধ্যয়ন করে উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং পরবর্তীতে ফুনুনাতে আলিয়া বিভাগে উচ্চতর শিক্ষা লাভ করেন। শিক্ষাজীবনে তিনি দার্শনিক আলেমেদ্বীন ও তুখোড় পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দীক আহমদ রহ., শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ., মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ.সহ বহু যুগশ্রেষ্ঠ উস্তাদের সান্নিধ্য লাভ করেন।

শিক্ষা জীবন শেষে তিনি রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসা, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা, কক্সবাজার পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা এবং রামু জামেয়াতুল উলুম মাদ্রাসা পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। কর্মজীবনে তিনি জামিয়া দারুল উলুম চাকমারকুল, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসা এবং কক্সবাজার পাহাড়তলী রহমানিয়া মাদরাসায় নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে দ্বীনি শিক্ষার খেদমত আঞ্জাম দেন। পাহাড়তলী রহমানিয়া মাদরাসায় প্রায় ৩৫ বছর যাবত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি সদরে মুদাররিস হিসেবে অবসর গ্রহণ করেন। সেখানে তিনি”বড় হুজুর” হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন।
তাঁর জীবনব্যাপী দাওয়াতী কর্মের মূল লক্ষ্য ছিল সমাজকে বিদআতমুক্ত করা, কুরআন- সুন্নাহর যথার্থ বাস্তবায়ন করা এবং নবপ্রজন্মকে দ্বীনের আলোয় গড়ে তোলা। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য আলেম-ওলামা আজ দেশের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছেন।
ইলমে নবভীর খেমদতের পাশাপাশি তিনি ইসলামী রাজনৈতিক অঙ্গনেও একজন দায়িত্বশীল-মুরুব্বী হিসেবে ভূমিকা পালন করেন। তিনি আপন উস্তায খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর মতো প্রখ্যাত ওলামা-মশায়েখের স্মৃতিধন্য ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন। সংগঠনটির কার্যক্রমে তিনি মুরুব্বিয়ানা করতেন, গঠনমূলক পরামর্শ দিতেন।
দীর্ঘদিন ইলমে নবভীর খেদমত ও সমাজ সংস্কারে নিবেদিত প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে দ্বীন অনুরাগী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেলা নেজামে ইসলাম পার্টির শোক:
জেলার বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা নাজির হোসাইন রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা হোসাইন আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি অলি উল্লাহ আরজু, রামু উপজেলা সভাপতি হাফেজ নুরুল আলম প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা নাজির হোসাইন রহ. এর ইন্তেকালে কক্সবাজারসহ দেশের দ্বীনি অঙ্গন এক অভিভাবকতুল্য আলেমকে হারাল। তাঁর ইলম, আমল, ত্যাগ ও দাওয়াতের স্মৃতি মুসলিম সমাজে যুগ যুগ ধরে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ তা‘আলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র ও শুভানুধ্যায়ীদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।