মনছুর আলম মুন্না :

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর এক ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও রাষ্ট্রনায়ক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র বড় বড় ব্যানার ও ডিজিটাল স্ক্রিনে প্রদর্শন করা হয়। সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রদর্শনী উপভোগ করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার–রামু (৩) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রাশেদ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, সুজন মাহমুদসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা জানান, এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদান তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য।