বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর–রামু ও ঈদগাঁও আসনে বিএনপি জোটের প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে কাউয়ারখোপ–গর্জনিয়া সরাসরি সড়ক নির্মাণ করা হবে। এতে গর্জনিয়া, কচ্ছপিয়া ও কাউয়ারখোপের লক্ষাধিক মানুষকে আর হিলট্যাক্স দিয়ে নাইক্ষ্যংছড়ির ওপর দিয়ে যাতায়াত ও মালামাল পরিবহন করতে হবে না।

সোমবার রামুর কাউয়ারখোপ বাজার সংলগ্ন হাকিমা রকিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি মনিরঝিলে বাঁকখালী নদীর ওপর একটি সেতু নির্মাণের আশ্বাসও দেন।

লুৎফুর রহমান কাজল বলেন, নির্বাচিত হলে জনগণের রায়ের মর্যাদা নিশ্চিত করা হবে এবং সকল সম্প্রদায়ের সামাজিক সৌহার্দ্য ও নিরাপত্তা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে। তিনি আরও বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে এবং তারুণ্যের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।