এম.মনছুর আলম, চকরিয়া প্রতিনিধি :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সমর্থন দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের প্রাইম।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে থানা সেন্টারস্থ গণঅধিকার পরিষদ (জিওপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল কাদের প্রাইম তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আব্দুল কাদের প্রাইম বলেন, গণঅধিকার (জিওপি) প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন দাখিল করি এবং ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।
তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমদ একজন জাতীয় নেতা, শুধু চকরিয়া-পেকুয়ার নয়, তিনি সারা বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে সালাহউদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত। এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
প্রসঙ্গত, বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ (ষষ্ঠ), ১৯৯৬ (সপ্তম) ও ২০০১ (অষ্টম) এর সংসদ নির্বাচনে টানা তিনবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি চারদলীয় ঐক্যজোট সরকার আমলে ২০০১-২০০৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।