মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়া :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হওয়ার সুযোগ পাবে না। আমরা এমন একটি সংসদ গঠন করতে চাই, যেখানে শুধু নৃত্য-গীত হবে না; সেখানে সাধারণ মানুষের কথা বলা হবে, সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। সংসদে মানুষের উন্নয়ন ও দেশের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন তুলে ধরা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশনে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটি সংসদ চাই যেখানে প্রশংসার Participation সংস্কৃতি থাকবে না। সংসদ সদস্যরা মানুষের পক্ষে কথা বলবেন, সেখানে থাকবে কার্যকর বিরোধিতা। এ ধরনের সংসদ গঠন করে আমরা বিশ্ব দরবারে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন পথে যাবে তা নির্ধারণের নির্বাচন। এটি হবে এ দেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। একই সঙ্গে এটি হবে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নেওয়া প্রস্তুতি বাস্তবায়নের নির্বাচন। তাই আমরা মনে করি, এই নির্বাচন জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তিত হবে, গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে এবং দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ভিত পাবে। এসব প্রতিষ্ঠান গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চকরিয়া পৌরসভা মহিলাদলের উদ্যোগে পৌরসভা মহিলাদলের সভাপতি সাবরিনা হায়দারের সভাপতিত্বে মহিলাদলের সমাবেশ গ্র্যামারস্কুল সংলগ্ন মাঠে মঙ্গলবার ১৩ জানুয়ারী বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী,কক্সবাজার -১ চকরিয়া-পেকুয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ, বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম,সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার সহ বিএনপি নেতৃবৃন্দ প্রমূখ।
