মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

# স্বতন্ত্র সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
# বিএনপি’র ৪ জনেরই বৈধ
# জামায়াতে ইসলামীর ৩জন বৈধ
# ইসলামী আন্দোলনের ৩জন বৈধ
# গণ অধিকার পরিষদের ২জন বৈধ
# অন্যান্য দলের বৈধ প্রার্থী : ৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪টি আসনে দাখিলকৃত ২৩টি মনোনয়নপত্রের মধ্যে ১৮টি মনোনয়নপত্র বৈধ এবং ৫টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ৫টি মনোনয়নপত্রের মধ্যে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ২টি, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ২টি এবং কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১টি। কক্সবাজার-৪ উখিয়া (উখিয়া-টেকনাফ) আসনে দাখিলকৃত কোন মনোনয়নপত্র বাতিল হয়নি। গত ২ জানুয়ারী শুক্রবার কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসন এবং ৩ জানুয়ারী শনিবার কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: আ: মান্নান তাঁর সম্মেলন কক্ষে বাছাই এর ফলাফল ঘোষনা করেন।

জেলার ৪টি আসনের বৈধ মনোনয়নপত্রের মধ্যে বিএনপি’র ৪জন, জামায়াতে ইসলামীর ৩জন, ইসলামী আন্দোলনের ৩জন, গণ অধিকার পরিষদের ২জন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, আমজনতার দল, এনডিএম এবং লেবারেল ডেমোক্রেটিক পার্টি সহ প্রত্যেক দলের ১জন করে আরো মোট ৮ জন প্রার্থী রয়েছে। কক্সবাজারের ৪টি আসনের মধ্যে সবক’টিতে বিএনপি’র মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনে ৫ জানুয়ারী থেকে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত আপীল দায়ের করা যাবে। দায়েরকৃত আপীল আবেদন আগামী ১০জানুয়ারী থেকে ১৮জানুয়ারীর মধ্যে নির্বাচন কমিশনে শুনানী করে নিষ্পত্তি করা হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, ২৯৪, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বৈধ হওয়া ৩জন প্রার্থী হলেন-একই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ আবদুল কাদের। কক্সবাজারের ৪টি আসনের মধ্যে এ আসনেই সর্বনিন্ম সংখ্যক বৈধ প্রার্থী রয়েছে। এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ২জন প্রার্থী হলেন-ইসলামী আন্দোলনের মোঃ ছরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন। যা ৪ টি আসনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোটার। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯ টি।

২৯৫, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা ৭জন প্রার্থীর মধ্যে, মনোনয়নপত্র বৈধ হওয়া ৫জন প্রার্থী হলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী, একই আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ওয়াইদুল কাদের নদভী, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এস.এম রুকনুজ্জামান খান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল করিম। এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ২জন প্রার্থী হলেন-হেভিওয়েট প্রার্থী, জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা। তবে এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ তাঁর প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৮৫১ জন। মোট ভোট কেন্দ্র ১১৮ টি।

২৯৬, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র দাখিল করা ৬জন প্রার্থীর মধ্যে, মনোনয়নপত্র বৈধ হওয়া ৫জন প্রার্থী হলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী, এ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত প্রার্থী জগদীশ বড়ুয়া ও আমজনতার দল মনোনীত প্রার্থী নুরুল আবছার।এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র একজন প্রার্থী হলেন-মোঃ ইলিয়াছ মিয়া। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৪৫ হাজার ৯৬৩ জন। যা ৪ টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটার। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৮টি।

২৯৭, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৫ জনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাঁরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী, একই আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুরুল হক, এনডিএম মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদ এবং এলডিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আরাফাত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৫ হাজার ৬৮৮ জন। যা জেলার ৪টি আসনের মধ্যে সর্বনিন্ম সংখ্যক ভোটার। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৭ টি।

ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একইসাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে।