সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের কৃতি সন্তান আবুল মনসুর কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি কলেজে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে তাকে কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। অধ্যক্ষের পদটি শূন্য থাকায় বিধি মোতাবেক তিনি যোগদানের পরপরই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দায়িত্বভার গ্রহণকালে কলেজ শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবুল মনসুর কলেজের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।