মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে বাসভবনে প্রবেশ করে। পরে তারা তিনতলা ভবনটির জানালার কাঁচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্র জানায়, বাড়িটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব থাকতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনের অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না।

জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ আগুন দিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি।