স্টাফ রিপোর্টার:
নয় বছর আগে রাখাইন রাজ্যে বর্বরোচিত সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যার বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় বিশেষ তাৎপর্য বহন করছে।
এদিকে, দীর্ঘদিনের বিচারহীনতা ও অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসরত প্রায় ১১ লাখ রোহিঙ্গার জীবনে এই রায় নতুন করে আশা ও স্বস্তি নিয়ে এসেছে।
রোহিঙ্গা গণহত্যার রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানাল বাংলাদেশ
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় দেওয়া এই রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছে ঢাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দ্রুত নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
