রামু প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

ছিনিয়ে নেওয়া দিদারুল আলম কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাবেদ আলমের পুত্র বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কাউয়ারখোপ ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

​হামলায় রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আহত হয়েছেন।

​পুলিশ জানিয়েছে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলার (মামলা নং- ১১৪/১১) সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন দিদারুল আলম। এছাড়া আগামী ১৯ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির মূল ইন্ধনদাতা হিসেবেও তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আনোয়ার সঙ্গীয় এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিনকে নিয়ে দিদারুল আলমের নিজ বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

​পুলিশ জানায়, আসামিকে হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য, সন্তান এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়।
একপর্যায়ে হামলাকারীরা পেছন দিক থেকে এসআই মোহাম্মদ আনোয়ারকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার চশমা ভেঙে যায়। একই সময় এএসআই বোরহান উদ্দিনকেও মারধর করে আহত করা হয়। এই সুযোগে হামলাকারীরা পুলিশের হাত থেকে হাতকড়াসহ বা হেফাজতে থাকা আসামি দিদারুল আলমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।