পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারে বেড়াতে যাওয়ার ছদ্মবেশে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পেকুয়া উপজেলার কলেজ গেট চৌমুহনী স্টেশন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় মানবপাচারে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে মানবপাচারকারী চক্রের সদস্য (দালাল) আমির হোসেন (৩০) এবং মালয়েশিয়াগামী ছয় যাত্রী রয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নূর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তাঁদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এ ছাড়া মাইক্রোবাসের চালক সোহেল আকবর (৩৫) এবং তাঁর দুই সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫) রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাঁশখালীর ছনুয়া এলাকা থেকে ওই যুবকেরা একটি হাইয়েস মাইক্রোবাসে করে টেকনাফের উদ্দেশে রওনা হন। গাড়িটি পেকুয়া কলেজ গেট চৌমুহনী স্টেশন এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা গাড়িটি আটকে দেন। খবর পেয়ে পেকুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িসহ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা বলে প্রকৃত উদ্দেশ্য আড়াল করার চেষ্টা করেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জনপ্রতি ৭০ হাজার টাকার চুক্তিতে দালাল আমির হোসেনের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেন।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ছয় যাত্রী, একজন দালাল এবং গাড়ির চালক ও দুই সহকারীসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
