নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে মো. আমিনুল হক সভাপতি, মোহাম্মদ হোসাইন সিনিয়র সহসভাপতি, নুরুল কবির সহসভাপতি, মোহাম্মদ আয়ুব আলী সাধারণ সম্পাদক, বোরহান উদ্দিন অর্থ সম্পাদক এবং শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির বাকি পদগুলো বিভিন্ন উপজেলা থেকে সমন্বয় করা হবে। থাকবে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি। যারা সমিতির নানা সমস্যা এবং প্রয়োজনে সহযোগিতা ও পরামর্শ দিবেন।

বেকারী মালিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম সওদাগর।

তিনি বলেন, বেকারী পণ্য খুবই প্রয়োজনীয়। যা প্রতি বাসা বাড়িতে রাখতে হয়।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, খাদ্যদ্রব্যের সঙ্গে কোন ধরণের বিষাক্ত কেমিক্যাল মেশাবেন না। খাবার তৈরীর কক্ষ/কারখানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সমিতির সভাপতি মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরামের সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিকী।

তিনি ব্যবসায়ীদের স্বচ্ছতা ও আমানতদারিত্বের সঙ্গে ব্যবসা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

ব্যবসায়ী নেতা মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বেকারী মালিকগণ তাদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত অতিথি এবং ব্যবসায়ীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল হক।

সেই সঙ্গে খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান।

নবগঠিত কমিটির যোগ্য নেতৃত্বে বেকারী ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়ন সাধিত হবে হবে বলে মন্তব্য করেছেন, সভাপতি মো. আমিনুল হক।