জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) অবরুদ্ধ ও হেনস্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বাধা এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত ১৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সালাহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিনি বাদী হয়েছেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা ২২ আসামির সবাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। তাঁদের মধ্যে রয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক আকরাম হোসেন, পরিচালক মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক ওয়াহিদুজ্জামান নান্নু, উচ্চমান সহকারী আব্দুস সালাম, আফজাল, আব্দুল বাতেন ও ফারুক পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা আগে চাকরিচ্যুত হলেও পরবর্তী সময়ে পুনর্বহাল হন। পুনর্বহালের পর তাঁরা বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসহ বিভিন্ন বিষয়ে নিয়মবহির্ভূত সুবিধা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের কার্যালয়ের নিচে সমবেত হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেন। প্রশাসনিক ভবনের প্রবেশ ও বের হওয়ার পথেও তালা দেওয়া হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আন্দোলনকারীদের দাবির কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার বিষয়টি জানিয়ে দুই দফায় আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে তাঁরা সেদিনই দাবি বাস্তবায়নের বিষয়ে অনড় থাকেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সামনে মিছিল ও সমাবেশ, কর্মকর্তা-কর্মচারীদের মারধর, উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মপরিবেশ, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়ার পর মামলা দায়ের করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য বা পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মামলার বিবরণে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
