স্টাফ রিপোর্টার, পেকুয়া:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কক্সবাজারের পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পেকুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে লকডাউনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মসূচির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি ও স্বাভাবিক পরিবেশে বসবাস করতে চায়। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আবু জাফর, সদস্যসচিব আবুল বশর, পেকুয়া সদর পূর্ব জোনের আহ্বায়ক আবু বক্কর, মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুস, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়।

এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।