সিবিএন ডেস্ক;
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিশাল মিছিলের নেতৃত্ব দেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল এমপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের এ নৈরাজ্য প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের অপতৎপরতা প্রতিহত করা হবে। জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, ‘এই শহর সবার। ঐক্যবদ্ধভাবে সবাইকে এই শহর রক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। কক্সবাজারকে অশান্ত হতে দেওয়া যাবে না। আমরা চাই কক্সবাজার শান্ত থাকুক এবং পর্যটকেরা যেন নির্বিঘ্নে এখানে আসা-যাওয়া করতে পারেন।’
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসন রয়েছে, প্রয়োজনে তাদের সহযোগিতা নিতে হবে। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার পাশাপাশি তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে।
জানা গেছে, আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ঠেকাতে রাতের বেলায় পাড়া-মহল্লা, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি জোরদার করা হয়েছে। বিশেষ টিম গঠন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সদর উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন রফিকুল হুদা চৌধুরী, আবুল কাশেম, আবদুল কায়ুম, রাশেদ আবেদীন সবুজ, গিয়াস উদ্দীন, মসুদুর রহমান মাসুদ, আজিজুল হক সোহেল, শ্রমিকদল নেতা মোতাহের হোসেন, মৎস্যজীবী দল নেতা মোস্তফা কামাল, মহিলাদল নেত্রী জোবেদা আক্তার, খুরশিদা আলম মুন্নি, জেলা ছাত্রদলের সাবেক নেতা শাহাদাত হোসেন রিপন, সাইফুর রহমান নয়ন, মিজানুল আলম, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, বিএনপি নেতা সাইফুল আলম, মেরাজ আহমদ মাহিন চৌধুরী, ফরিদুল আলম, শেখ আব্দুল্লাহ, লিয়াকত আলী খান, আব্দুর রহিম চেয়ারম্যান, আব্দুল করিম সওদাগর ও গোলাম কবির সওদাগরসহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
