সংবাদ বিজ্ঞপ্তি:

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার শহর শাখার উদ্যোগে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বাহান্ন সন ফুরফুরে মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোছনা আনি আঁধার দুনিয়ায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শাখা পরিচালক ইমাম হোসেনের পরিচালনায় এবং শাখা সহকারী পরিচালক শাহরিয়া কবির মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ও কক্সবাজার আইন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ বাকের।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. রাকিবুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শহর শাখার উপদেষ্টা পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে ফুলকুঁড়িদের প্রতিভা বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে আটটি ইভেন্টে মোট ৯০টি পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুকিশোরদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার দেওয়া হয়।

আয়োজকেরা জানান, শিশুকিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে উৎসাহিত করার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
শিশুকিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।