কক্সবাজারের উখিয়ায় সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা মাঠে অবস্থান নিয়েছেন।
উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় নেতারা। এ সময় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামীকালও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে অবস্থান করবেন বলে সাংবাদিকদের জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
এদিকে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সকাল থেকেই তৎপর রয়েছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় নিরাপত্তা জোরদার করে দায়িত্ব পালন করছে।
