বার্তা পরিবেশক:
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথায় সরকারি জমি ও খালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। খালের জায়গা ভরাট করে ও সরকারি জমি দখলে নিয়ে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীখালী রাস্তার মাথায় খালের পাশে ইটের দেয়াল নির্মাণ ও কংক্রিটের পিলার স্থাপন করে দোকানঘর তৈরির কাজ চলছে। স্থানীয় জাফর মিয়া, তার ছেলে আবুল হোছন ও সমসু আলম এ নির্মাণকাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি ও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি খালের স্বাভাবিক অস্তিত্ব ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, সরকারি জমি ও জলাশয় রক্ষায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কিন্তু প্রকাশ্যে খালের পাশে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের দখলদারত্ব বন্ধ না হলে ভবিষ্যতে খালটির স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের দাবি, সরকারি জমির সীমানা ও খালের প্রকৃত অবস্থান জরিপের মাধ্যমে নির্ধারণ করে নির্মাণকাজের বৈধতা যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
সরকারি সম্পত্তি ও খাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের।