সংবাদ বিজ্ঞপ্তি:

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিএনপির অনীহা, টালবাহানা ও রাজনৈতিক গড়িমসি ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যকে ক্রমেই দুর্বল করে তুলছে। যে ঐক্যের ভিত্তিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যে আজ বিভক্তি ও অবিশ্বাসের সৃষ্টি হচ্ছে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার ক্ষেত্র তৈরি হচ্ছে।

বিএনপিকে বুঝতে হবে, গণভোটের রায় কোনো দলের রাজনৈতিক সুবিধা-অসুবিধার বিষয় নয়; এটি জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের পক্ষে দেওয়া গণরায়। ক্ষমতার রাজনৈতিক হিসাব-নিকাশ করতে গিয়ে জনগণের রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চেতনা ও জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হবে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন কোনো একক দলের সম্পত্তি নয়। এই অর্জন রক্ষার দায়িত্ব সব গণতান্ত্রিক শক্তির। কোনো দলের একক আধিপত্য প্রতিষ্ঠার মানসিকতা কিংবা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপসকামিতা জাতীয় ঐক্যকে বিপন্ন করতে পারে না।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার প্রশ্নে আর কোনো কালক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের সন্ত্রাস ও ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে হলে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং গণরায়ের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি শুভ হবে না। জাতীয় ঐক্য দুর্বল করে নয়, গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন, জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে।