আবুল কাশেম, রামু;

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-বাইশারী প্রধান সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আকস্মিক এ ঘটনায় সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি এর পেছনের উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গোলাম মোর্শিদ সরকার ও ফাঁড়ির এএসআই টুটুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। তবে স্থানীয়দের একাংশের দাবি, নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন কয়েকজন নেতাকর্মীকে প্রকাশ্যে বাজার স্টেশনে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

ঘটনার পেছনে অন্তত দুটি সম্ভাবনার কথা বলছেন স্থানীয় বাসিন্দা ও পর্যবেক্ষকেরা। একাংশের ধারণা, ১৯ নভেম্বর ২০২৬-এর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, প্রশাসনের ওপর চাপ সৃষ্টি, দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে গতি আনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চাপ তৈরির কৌশল হিসেবে এমন তৎপরতা চালানো হয়ে থাকতে পারে।

অন্যদিকে, সীমান্তবর্তী এ জনপদে অবৈধ চোরাচালান চক্রের তৎপরতার বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয়দের একটি অংশের দাবি, সীমান্তপথে গরু, ইয়াবা ও স্বর্ণের চালান পারাপারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সে উদ্দেশ্যে কৌশলগতভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে গর্জনিয়া, থোয়াঙ্গাকাটা, থিমছড়ি ও বড়বিল এলাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ের বিএনপির একটি অংশের আশ্রয়-প্রশ্রয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অবস্থান ও তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় আলোচনায় থোয়াঙ্গাকাটার ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ি, থিমছড়ির ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদকের বাড়ি এবং গর্জনিয়ার ১ নম্বর ওয়ার্ডে রামু উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মরহুম গোলাম মৌলা চৌধুরীর বাড়ির প্রসঙ্গ উঠে আসছে।

সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করা এবং ব্যক্তিগত রাজনৈতিক প্রভাব ও সুবিধা বজায় রাখার স্বার্থে কতিপয় নেতা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নমনীয় অবস্থান নিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তঘেঁষা গর্জনিয়া-বাইশারী সড়ক যোগাযোগ ও নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হোক কিংবা চোরাচালানের চালান পারাপারের কৌশল—উভয় ক্ষেত্রেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা, অবরোধ ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ সড়কগুলোতে প্রশাসনিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।