এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;

কক্সবাজারের উখিয়ায় টেস্ট পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ার হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর বয়স ১৫ বছর। সে স্থানীয় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মায়ের নাম ডেজি বড়ুয়া। পরিবারের সঙ্গে সে আমতলী এলাকায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত টেস্ট পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় ওই কিশোরী মানসিকভাবে হতাশ ছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং পরীক্ষার ফলাফলের সঙ্গে এ ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষার্থীর এমন অকালমৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।