ডেস্ক নিউজ:
কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার গণিত বিভাগের শিক্ষার্থী শরিফা (২১) জামিনে মুক্তি পেয়েছেন।
গ্রেপ্তারের এক মাস ২৮ দিন পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে অভিযান চালায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় হোস্টেল থেকে শরিফাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁর হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।
শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা জানিয়েছিলেন, হ্নীলা থেকে তাঁর এক আত্মীয় পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। তবে এ ঘটনায় আরও একটি চক্রের জড়িত থাকার তথ্য পাওয়ার কথাও জানিয়েছিল পুলিশ।
বিপুল পরিমাণ ইয়াবাসহ কলেজের মহিলা হোস্টেল থেকে একজন শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় সে সময় কক্সবাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
