সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানকে।
কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মিজ নাফিসা আরেফীন এবং আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল।
এর আগে চাকরিতে পুনর্বহাল হওয়া বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন। এদিন তাঁরা গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর ঘেরাও করেন এবং একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
পরিস্থিতির মধ্যে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
