নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৮ নভেম্বর ২৪ ঘণ্টায় ২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন মাদকসেবী, চারজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনজন ধর্তব্য অপরাধে অভিযুক্ত।
পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ১৫ মাদকসেবীর মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার মহাজেরপাড়া, লাইট হাউস, বাহারছড়া ও হালিমাপাড়ার বাসিন্দারা। এ ছাড়া খুরুশকুল, উখিয়া, মহেশখালী ও ঈদগাঁও এলাকার বাসিন্দারাও রয়েছেন।
অন্যদিকে, গ্রেপ্তার চার ওয়ারেন্টভুক্ত আসামির মধ্যে মীর মোহাম্মদ আলী লেমন, কালা মান্নান, মো. জিসান ও রহমত উল্যাহ রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া অন্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন ইমরান হাসান (৩০), ইয়াছিন আরাফাত (২০) ও মো. ইউসুপ (২২)। পুলিশি তথ্য অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে পূর্বের মামলা ও সাধারণ ডায়েরির তথ্য রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
