শাহাদাত হোসেন রিপন:
বিগত ১৬ বছর অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আওয়ামী লীগ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছে। লাখ লাখ নিরীহ মানুষকে মিথ্যা মামলায় আসামি করে ফেরারি জীবনযাপনে বাধ্য করেছে, বছরের পর বছর কারাবরণ করতে হয়েছে অসংখ্য মানুষকে।
রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ও ক্ষেত্রকে দলীয়করণ করে সাধারণ মানুষকে তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ও সুশাসন থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাইরে দেশের সাধারণ নাগরিকদের অধিকার যেন কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছিল। মানুষের বাক্স্বাধীনতা ছিল না, ছিল না স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার।
দেশের ইতিহাসে নজিরবিহীন দমন-পীড়নের মাধ্যমে বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের ওপর চালানো হয়েছে নির্যাতন ও নিপীড়ন। সেই নির্যাতনে কেউ প্রাণ হারিয়েছেন, কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। দেশের শীর্ষস্থানীয় অনেক রাজনৈতিক নেতাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-আন্দোলনে মাত্র ২০ দিনের ব্যবধানে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন।
এতসব ঘটনা কি আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে?
এসব কি শাস্তিযোগ্য অপরাধ নয়? এত মানুষের জীবন, এত নির্যাতন ও এত রক্তপাতের দায় কি তারা এড়িয়ে যেতে পারে? এসব অপরাধের জন্য আওয়ামী লীগ কি কখনো আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছে? কখনো কি নিজেদের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছে?
এত মানুষের প্রাণ, এত মায়ের বুক খালি হওয়া, এত রক্তপাত আর এত দীর্ঘশ্বাস—সবকিছু কি মানুষ এত সহজেই ভুলে যাবে?
ইতিহাসের দায় কখনো মুছে যায় না। মানুষের স্মৃতি থেকে অন্যায়-অত্যাচারের অধ্যায় মুছে ফেলা যায় না। ক্ষমতার দাপট হয়তো সাময়িক, কিন্তু অন্যায়ের বিচার ও জবাবদিহির দাবি চিরস্থায়ী।
শাহাদাত হোসেন রিপন
সাবেক সভাপতি, কক্সবাজার জেলা ছাত্রদল।
