নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০২৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিবিআইইউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোকতার আহমেদ।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নত ক্যারিয়ার গঠনের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছো। তোমাদের নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন লুকিয়ে আছে।
তিনি বলেন, ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হওয়া আবশ্যক। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা ও নিয়মনীতি মেনে চলতে হবে।
প্রক্টর এড. মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর আরো বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জেলাবাসীর জন্য বিরাট সম্পদ। শিক্ষা-দীক্ষাসহ সার্বিক বিষয়ের উন্নয়নে শিক্ষার্থীদের যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সর্বশ্রেষ্ঠ একটি উচ্চ শিক্ষাঙ্গণে পরিচিত লাভ করবে মনে করেন ভিসি।
সহকারী প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ ও ট্রেজারার প্রফেসর ড. বেলার নূর আজিজী।
বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ নিয়ম কানুন ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রেজিস্ট্রার রাজিদুল হক। এর আগে তিনি রেজিস্ট্রার অফিস ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
৬ বিভাগে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক গোলাম মওলা।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আদিল ইলাহী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান তাওসীপ আহমেদ, হসপিটালিটি এন্ড ট্যুরিজম বিভাগের কো-অর্ডিনেটর আদিতা বড়ুয়া ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর আনানদীপ বড়ুয়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্ব-স্ব বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন।
