নিজস্ব প্রতিবেদক :
মেধা, অধ্যবসায় ও দীর্ঘ সাধনার স্বীকৃতি পেলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর কৃতি সন্তান মাওলানা মফিজুর রহমান মাদানী। এমফিল ডিগ্রি অর্জনের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। তাঁর গবেষণার বিষয় ছিল ‘The Islamic Plays of Ali Ahmad Bakasir: An Analytical Study’।
এই অভিসন্দর্ভটিতে ইয়েমেন বংশোদ্ভূত ইসলামি আরবি নাট্য সাহিত্যের অন্যতম দিকপাল আলী আহমদ বাকাছীর (১৯১০- ১৯৬৯) রচিত একাধিক ইসলামি নাট্য গ্রন্থের সাহিত্যিক পর্যালোচনা ও ইসলামি ভাবধারার মূল্যায়ন প্রতিফলিত হয়েছে। অভিসন্দর্ভটি আরবি ভাষায় লিখিত।
তাঁর এম ফিল ডিগ্রির থিসিসের শিরোনাম : Hikayat And Dewanul Atfal Of Poet Ahmed Shawqi : An Analytical study
এই অভিসন্দর্ভটিতে আধুনিক আরবি সাহিত্যের কবি সম্রাট আহমদ শাওকী রচিত কাব্যগ্রন্থের অন্তর্গত শিশু সাহিত্য পর্যালোচনা করা হয়েছে।

দীর্ঘ শিক্ষাজীবন, আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর এবং শিক্ষকতা ও গবেষণায় অবদানের মধ্য দিয়ে তিনি অর্জন করলেন নতুন এই স্বীকৃতি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁর উক্ত ডিগ্রি অনুমোদিত হয়েছে।
তিনি ইতোপূর্বে রঙ্গীখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাযিল এবং চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে কামিল ডিগ্রি অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালের শেষ নাগাদ সৌদি আরব সরকারের স্কলারশীপের সৌভাগ্য অর্জন করে মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা বিভাগাধীন আরবি ভাষা ইনস্টিটিউটে দুই বছর মেয়াদি এডভান্স আরবি ভাষা কোর্স সম্পন্ন করেন এবং চার মেয়াদী আরবি ভাষায় অনার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Arabic Teaching Methods ডিগ্রি অর্জন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পাঁচ দিন ব্যাপী হাদিস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এম এ ডিগ্রি অর্জন করেন।
দেশের বিভিন্ন স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতা ও নিষ্ঠার সাথে শিক্ষা সেবায় নিয়োজিত আছেন। তন্মধ্যে কক্সবাজার জেলাধীন টেকনাফের রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক, চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার কেরানীরহাট জামেউল ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন এবং বর্তমানে কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
বিভিন্ন পত্রিকা, সাময়িকী ও বিশ্ববিদ্যালয়ের জার্নালে তাঁর কয়েকটি জ্ঞানগর্ভ ও তথ্যনির্ভর প্রবন্ধ বাংলা ও আরবি ভাষায় প্রকাশিত হয়েছে।
স্পষ্টবাদী, নির্ভীক ও দৃঢ় ঈমান ও চরিত্রের অধিকারী মাওলানা মফিজুর রহমান মাদানী প্রচারবিমুখ একজন মানুষ। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য, দেশ-বিদেশে উচ্চশিক্ষা, দীর্ঘ শিক্ষকতা এবং গবেষণার মধ্য দিয়ে তিনি নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
রঙ্গিখালীর এই কৃতিসন্তানের পিএইচডি অর্জনে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এ অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।