কালাম আজাদ
আমি প্রায়ই ভাবি মানুষ আসলে কিসের মালিক? যে দেহ নিয়ে তার এত অহংকার, সেটি কি সে নিজে তৈরি করেছে? যে প্রাণের স্পন্দনে সে নিজেকে জীবিত বলে দাবি করে সেই স্পন্দনের ওপর কি তার কোনো চূড়ান্ত নিয়ন্ত্রণ আছে? জন্মের আগে সে কোথায় ছিল, মৃত্যুর পরে কোথায় যাবে, সে জানে না। অথচ এই দুই অজানার মাঝখানে পাওয়া সামান্য সময়টুকুকে সে নিজের চিরস্থায়ী সম্পত্তি মনে করে। ঘর, সংসার, সম্পর্ক, সম্পদ, ক্ষমতা, পরিচয় সবকিছুর ওপর মালিকানা প্রতিষ্ঠা করতে গিয়ে এক সময় ভুলে যায় সে নিজেও এই পৃথিবীর একজন সাময়িক অতিথি। কিন্তু এই প্রশ্নগুলো যখন নিজেকে করি তখন উত্তর দেওয়ার সাহস পাই না। কারণ অন্যের অহংকার নিয়ে প্রশ্ন তোলা যত সহজ, নিজের অহংকারের মুখোমুখি হওয়া তত সহজ নয়। আমিও তো ব্যতিক্রম নই। আমিও পরিচিতি চাই, স্বীকৃতি চাই, ভালোবাসার নিশ্চয়তা চাই। কখনো নিজের অর্জন নিয়ে গোপনে গর্ব করি, কখনো অন্যের অবহেলায় আহত হই, কখনো ভালোবাসার মানুষের স্বাধীনতাকে মেনে নেওয়ার কথা বলেও তার কাছ থেকে নিজের জন্য একটু বেশি অধিকার প্রত্যাশা করি। মুখে বলি, কিছুই চিরস্থায়ী নয়; অথচ হারানোর আশঙ্কায় সবচেয়ে বেশি অস্থির হই আমি নিজেই।
আমার এই দ্বন্দ্বের শুরু বহু আগে। তখন বুঝিনি মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভেতরের সেই মানুষটির সঙ্গে, যে একই সঙ্গে মুক্তি চায়, আবার বন্ধনও তৈরি করে; যে অনাসক্তির কথা বলে, অথচ প্রাপ্তির হিসাব রাখে; যে অন্যের স্বাধীনতার পক্ষে দাঁড়ায়, অথচ নিজের ভালোবাসার মানুষের কাছে কখনো কখনো নিঃশর্ত আনুগত্য প্রত্যাশা করে।
এই উপলব্ধির পেছনে একটি ঘটনা আছে। ঘটনাটির সঙ্গে জড়িয়ে আছে তিনটি মানুষ, তিনটি জীবন দর্শন এবং মানুষের অস্তিত্ব নিয়ে কয়েকটি প্রশ্ন যার উত্তর আজও খুঁজে ফিরি।
সেদিন বিকেলে গিয়েছিলাম নদীর ধারে। জায়গাটির নাম শালিকাঘাট। নদীর নাম কেউ জানত না। তার স্রোতের দিকে তাকালে মনে হচ্ছিল, পৃথিবীর সমস্ত সময় যেন তার বুকের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেখানে আমার সঙ্গে দেখা হলো দুই পুরোনো পরিচিত মানুষের। একজনের নাম আরিফ, অন্যজনের নাম অনিরুদ্ধ। আরিফ একজন সফল ব্যবসায়ী। প্রচুর সম্পদ, শহরে একাধিক বাড়ি, গাড়ি, সামাজিক পরিচিতি সবই তার আছে। নিজের অর্জন নিয়ে তার গর্বের শেষ নেই। অন্যদিকে অনিরুদ্ধ দাদা কলেজে দর্শনের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন পড়িয়েছেন, বই লিখেছেন, কিন্তু জীবনের শেষভাগে এসে প্রায় নিঃসঙ্গ হয়ে পড়েছেন। স্ত্রী মারা গেছেন, সন্তান বিদেশে থাকে। নিজের প্রয়োজনের বাইরে পৃথিবীর কাছে তাঁর আর তেমন কোনো দাবি নেই।
আমাকে দেখে আরিফ হাসতে হাসতে বলল,
—কী ব্যাপার, আজকাল তোমাকে বেশ দার্শনিক মনে হচ্ছে! কী নিয়ে এত ভাবো?
আমি বললাম,
—ভাবি, আমাদের নিজের বলে আসলে কী আছে?
আরিফ হেসে উঠল।
—এ আবার কেমন প্রশ্ন! নিজের পরিশ্রমে যা অর্জন করেছি, সবই তো আমার। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যবসা, আমার পরিচয়। এগুলো কি অন্য কারও?
অনিরুদ্ধ দাদা এতক্ষণ চুপচাপ নদীর দিকে তাকিয়ে ছিলেন। এবার মুখ ফিরিয়ে বললেন,
—আরিফ, তোমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার শরীরটিও কি তোমার নিজের?
আরিফ কিছুটা অবাক হয়ে বলল,
—অবশ্যই। আমার শরীর, আমার জীবন। এখানে প্রশ্নের কী আছে?
—তুমি কি নিজের ইচ্ছায় জন্ম নিয়েছিলে?
—না।
—নিজের ইচ্ছায় শরীরের প্রতিটি অঙ্গ তৈরি করেছ?
—না।
—হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, বার্ধক্য কিংবা মৃত্যুকে নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারবে?
আরিফ এবার একটু অপ্রস্তুত হলো।
অনিরুদ্ধ দা বললেন,
—যে দেহের ওপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ নেই, যে প্রাণের স্থায়িত্ব সম্পর্কে তুমি নিশ্চিত নও, সেই দেহ ও প্রাণের ওপর চূড়ান্ত মালিকানা দাবি করো কীভাবে? দেহ তো মাটির আমানত, প্রাণও ক্ষণিকের ঋণ। মানুষ পৃথিবীতে আসে, কিছু সময় অবস্থান করে, তারপর চলে যায়। অথচ এই সাময়িক অবস্থানকেই সে চিরস্থায়ী ঠিকানা ভেবে বসে।
কথাগুলো শুনে আমার ভেতরেও অস্বস্তি তৈরি হলো। কারণ আমি জানতাম আমারও কিছু অদৃশ্য মালিকানাবোধ আছে। নিজের লেখা, নিজের পরিচিতি, নিজের অর্জন, নিজের সম্পর্ক—সবকিছুর ওপর আমি এমন এক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যার যৌক্তিকতা কখনো নিজেকেই ব্যাখ্যা করতে পারি না। কেউ আমার লেখা নিয়ে সমালোচনা করলে যুক্তির চেয়ে অভিমান বেশি কাজ করে। কেউ আমাকে ভুলে গেলে মনে হয়, আমার অস্তিত্বকে অস্বীকার করা হলো। অথচ আমিই তো লিখি মানুষ ক্ষণস্থায়ী; পরিচয়ও ক্ষণস্থায়ী।
আরিফ বলল,
—তাহলে কি মানুষ কিছু অর্জন করবে না? সম্পদ গড়বে না? ভবিষ্যতের জন্য পরিশ্রম করবে না?
অনিরুদ্ধ মৃদু হেসে বললেন,
—অবশ্যই করবে। কিন্তু অর্জন আর অহংকার এক নয়। সম্পদ থাকা অপরাধ নয়, সম্পদের মালিক হয়ে অন্যের অস্তিত্ব অস্বীকার করাই সমস্যা। তুমি বাড়ি তৈরি করবে, কিন্তু মনে রাখবে একদিন সেই বাড়ি অন্য কারও ঠিকানা হবে। তুমি সম্পদ অর্জন করবে কিন্তু মনে রাখবে মৃত্যুর সময় কোনো সম্পদের দলিল তোমার সঙ্গে যাবে না।
আমি বললাম,
—মানুষ তাহলে এত প্রতিযোগিতা করে কেন? কেন সারাজীবন নিজেকে অন্যের চেয়ে বড় প্রমাণ করতে চায়?
অনিরুদ্ধ নদীর দিকে তাকিয়ে বললেন,
—কারণ মানুষ নিজের অপূর্ণতাকে মেনে নিতে পারে না। সে ভাবে, আরেকটু সম্পদ, আরেকটু ক্ষমতা, আরেকটু পরিচিতি পেলে হয়তো পূর্ণতা আসবে। কিন্তু আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। গ্রিক পুরাণের সিসিফাসের কথা মনে করো। দেবতাদের শাস্তিতে তাকে একটি বিশাল পাথর পাহাড়ের চূড়ায় ঠেলে তুলতে হতো। পাথরটি চূড়ায় পৌঁছানোর আগেই আবার নিচে গড়িয়ে পড়ত। সে আবার ঠেলত, আবার পাথর গড়িয়ে পড়ত। অনন্তকাল ধরে চলত এই শ্রম। মানুষের জীবনও অনেক সময় এমন। সে সম্পদের পাথর ঠেলে, প্রতিষ্ঠার পাথর ঠেলে, ক্ষমতার পাথর ঠেলে চলে। এক অর্জনের পর আরেক অর্জনের পেছনে ছুটতে ছুটতে একদিন দেখে, জীবনটাই শেষ হয়ে গেছে।
কথাগুলো শুনে আমার নিজের জীবনকেও সিসিফাসের পাথর ঠেলার মতো মনে হলো। লেখালেখির পঁচিশ বছরের যাত্রায় কত স্বপ্ন দেখেছি, কত স্বীকৃতির অপেক্ষা করেছি, কত বই প্রকাশের আনন্দে বিভোর হয়েছি। আবার কত অবহেলায় আহত হয়েছি, কত প্রত্যাখ্যানকে নিজের অপমান বলে মনে করেছি। কখনো মনে হয়েছে, আমাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। কখনো ভেবেছি আমার কাজের স্বীকৃতি অন্য কেউ পেয়ে যাচ্ছে। অথচ যে লেখাকে আমি ভালোবাসার কথা বলি সেই লেখার মধ্যেও কি কখনো স্বীকৃতির লোভ ঢুকে পড়েনি? আমি কি সত্যিই লেখার জন্য লিখি, নাকি লেখার মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে স্থায়ী করতে চাই? মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি আমার লেখকসত্তার গভীরে লুকিয়ে থাকা একধরনের অমরত্বের বাসনা নয়? নিজেকে এসব প্রশ্ন করতে আমার ভালো লাগছিল না। কারণ প্রশ্নগুলো আমার বিশ্বাসের বিরুদ্ধে নয়, আমার আত্মপ্রবঞ্চনার বিরুদ্ধে দাঁড়াচ্ছিল।
আরিফ বলল,
—কিন্তু স্বপ্ন দেখা কি অপরাধ?
—না। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু স্বপ্নের সঙ্গে যদি সীমাহীন অহংকার যুক্ত হয় তখন তা মানুষকে অন্ধ করে দেয়। ইকারুসের কথা মনে করো। মোমের ডানায় ভর করে সে সূর্যের দিকে উড়েছিল। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সে নিজের সীমাবদ্ধতা ভুলে গিয়েছিল। সূর্যের উত্তাপে তার ডানা গলে গেল। মানুষও ইকারুসের মতো। সে আকাশ ছুঁতে চায়, অমরত্ব চায়, পৃথিবীর সবকিছুর ওপর কর্তৃত্ব চায়। অথচ ভুলে যায়, তার নিজের অস্তিত্বই কতটা অনিশ্চিত।
আমি ভাবলাম আমারও তো কিছু ডানা আছে। সেগুলো মোমের নয়, স্বপ্নের। কিন্তু সেই স্বপ্নের আড়ালে কখনো কখনো নিজের সীমাবদ্ধতা ভুলে যাই। চাই, মানুষ আমাকে বুঝুক, আমার মূল্যায়ন করুক, আমার অনুপস্থিতি অনুভব করুক। অথচ নিজেই কি সব সময় অন্যের অনুভূতি বুঝতে পেরেছি? নিজের স্বপ্নের জন্য অন্যের সময়, শ্রম কিংবা ভালোবাসার ওপর কতটা নির্ভর করেছি, তার হিসাব কি কখনো রেখেছি?
আরিফ এবার আমাকে প্রশ্ন করল,
—তোমার কাছে তাহলে জীবনের সবচেয়ে বড় রহস্য কী?
আমি উত্তর দেওয়ার আগে অনিরুদ্ধ বললেন,
—আমার কাছে সবচেয়ে বড় রহস্য প্রেম।
আমি অবাক হয়ে তাঁর দিকে তাকালাম।
—প্রেম?
—হ্যাঁ। মানুষ যে মানুষকে ভালোবাসে, তাকেও নিজের সম্পত্তি মনে করতে চায়। ভালোবাসার নামে অধিকার প্রতিষ্ঠা করে, স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। অথচ প্রেমের সঙ্গে মালিকানার সম্পর্ক কোথায়?
আরিফ বলল,
—যাকে ভালোবাসি, তাকে কাছে রাখতে চাইব না?
অনিরুদ্ধ বললেন,
—কাছে রাখা আর বেঁধে রাখা এক কথা নয়। দুটি মানুষ পাশাপাশি হাঁটতে পারে, কিন্তু তাদের অস্তিত্ব কখনো এক হয়ে যায় না। দুটি হৃদয় কাছাকাছি আসতে পারে, কিন্তু প্রত্যেকের নিজস্ব অনুভূতি, স্বপ্ন ও নিঃসঙ্গতা থাকে। ভালোবাসা কাউকে নিজের করে পাওয়ার নাম নয়; তার স্বাধীন অস্তিত্বকে স্বীকার করার নাম।
আমি এতক্ষণে বুঝতে পারছিলাম কথোপকথনটি এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে আমার পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নয়। কারণ প্রেমের প্রশ্নে আমার নিজেরও কিছু অসমাপ্ত হিসাব আছে।
আমি কি কখনো ভালোবাসার মানুষটির স্বাধীনতাকে নিজের নিরাপত্তার চেয়ে বড় করে দেখেছি? তার নীরবতাকে কি তার ব্যক্তিগত পরিসর হিসেবে মেনে নিয়েছি, নাকি নিজের প্রতি অবহেলা ভেবে আহত হয়েছি? কখনো কি তার ব্যস্ততাকে ভালোবাসার ঘাটতি বলে ধরে নিয়েছি? কখনো কি তার কাছ থেকে এমন নিশ্চয়তা চেয়েছি, যা কোনো মানুষই অন্য মানুষের কাছে আজীবন দিতে পারে না?
আমি অন্যকে বলি ভালোবাসা অধিকার নয়। অথচ আমার ভেতরেও এক অদৃশ্য দাবি কাজ করে আমাকে বুঝতে হবে, আমাকে মনে রাখতে হবে, আমাকে অগ্রাধিকার দিতে হবে। এই দাবিগুলো কি ভালোবাসার স্বাভাবিক আকাঙ্ক্ষা নাকি নিজের অনিশ্চয়তাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার কৌশল? আমি জানতাম না। আমি শুধু বুঝতে পারছিলাম, মানুষ অন্যের স্বাধীনতা নিয়ে যত সহজে কথা বলে, নিজের ভালোবাসার মানুষের স্বাধীনতার সামনে দাঁড়ালে তত সহজে উদার থাকতে পারে না। আমি বললাম,
—তাহলে বিচ্ছেদও কি প্রেমের অংশ?
অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—সব বিচ্ছেদ প্রেমের পরিণতি নয় কিন্তু সব ভালোবাসার পরিণতি একসঙ্গে থাকা নয়। কখনো কখনো কাউকে মুক্ত করে দেওয়াও ভালোবাসা। তার ভালো থাকাকে নিজের প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির সঙ্গে মিলিয়ে না দেখাই প্রেমের পরিণত রূপ। যে ভালোবাসা শুধু অধিকার চায় তা এক সময় শিকল হয়ে ওঠে। আর যে ভালোবাসা স্বাধীনতাকে সম্মান করে, তার সৌন্দর্য দূরত্বেও টিকে থাকে।
কথাগুলো শুনে আমার মনে হলো, আমি যেন নিজেরই কোনো গোপন আদালতে দাঁড়িয়ে আছি। সেখানে বিচারকও আমি অভিযুক্তও আমি। আমার ভালোবাসা, অভিমান, প্রত্যাশা, ঈর্ষা, ভয় সবকিছু একে একে সাক্ষ্য দিচ্ছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি অথচ জানি আমার ভেতরে এমন কিছু আকাঙ্ক্ষা আছে যেগুলোকে ভালোবাসা বলে সাজিয়ে রাখলেও তাদের মধ্যে অধিকারবোধের ছায়া রয়েছে।
আরিফ মৃদু হেসে বলল,
—আপনার কথা শুনলে মনে হয়, ভালোবাসার মানুষকেও নিজের বলা যাবে না!
অনিরুদ্ধ বললেন,
—মানুষকে আপন বলা যায়, কিন্তু সম্পত্তি বলা যায় না। সম্পর্কের গভীরতা অধিকার দিয়ে মাপা যায় না। ভালোবাসার মানুষটি তোমার জীবনের অংশ হতে পারে, কিন্তু সে তোমার মালিকানাধীন কোনো বস্তু নয়।
কিছুক্ষণ পর আমরা তিনজন নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলাম। পথের পাশে একটি পুরোনো আয়না পড়ে ছিল। আয়নাটির এক কোণ ভাঙা, কাচে ধুলোর আস্তরণ। আরিফ সেটি তুলে নিজের মুখ দেখতে লাগল।
অনিরুদ্ধ বললেন,
—জানো, গ্রিক পুরাণের নার্সিসাস নিজের প্রতিবিম্বের প্রেমে পড়েছিল। জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে সে এতটাই মুগ্ধ হয়েছিল যে নিজেকে ভুলে সেই প্রতিবিম্বের মোহে বন্দি হয়ে পড়ে। শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছিল করুণ।
আরিফ আয়নাটি নামিয়ে বলল,
—মানুষও কি এমন?
—অনেক ক্ষেত্রেই। মানুষ নিজের সৌন্দর্য, নিজের ক্ষমতা, নিজের পরিচয়, নিজের সাফল্যের প্রেমে পড়ে। অন্যের দুঃখ দেখার চোখ হারিয়ে ফেলে। নিজের প্রতিবিম্বকে এত বড় করে তোলে যে পৃথিবীর আর কাউকে তার চোখে পড়ে না। আত্মপ্রেম যখন আত্মমুগ্ধতায় পরিণত হয়, তখন মানুষ নিজের কাছেই বন্দি হয়ে যায়।
আমি আয়নাটির দিকে তাকালাম। সেখানে নিজের মুখ দেখতে ইচ্ছা করছিল না। কারণ আমার মনে হচ্ছিল, নার্সিসাসের গল্পটি শুধু আরিফের নয়, আমারও। আমি কি নিজের লেখক পরিচয়ের প্রতিবিম্বে বন্দি হয়ে পড়েছি? আমার নামের পাশে কতগুলো পরিচয়, কতগুলো অর্জন, কতগুলো প্রকাশিত বই যুক্ত হলো—সেই হিসাব রাখতে রাখতে কি কখনো ভুলে গেছি পরিচয়ের বাইরে একজন মানুষ হিসেবেও আমার কিছু দায় আছে?
কেউ আমার কাজের প্রশংসা করলে ভালো লাগে, সমালোচনা করলে কষ্ট হয়। কেউ আমার লেখা পড়লে মনে হয়, আমি বেঁচে আছি; কেউ না পড়লে মনে হয় আমার অস্তিত্বের মূল্য কমে গেল। অথচ যে লেখার মধ্য দিয়ে আমি মানুষের মুক্তি, মর্যাদা ও মানবিকতার কথা বলতে চাই, সেই লেখার স্বীকৃতির জন্যই যদি অন্যের স্বাধীন বিচারকে অস্বীকার করি, তাহলে আমার দর্শনের সঙ্গে আমার জীবনের ব্যবধান কোথায় গিয়ে দাঁড়ায়? আমি বুঝলাম, আত্মসমালোচনা কেবল নিজের ভুল স্বীকার করা নয়; নিজের ভালো কাজের মধ্যেও লুকিয়ে থাকা অহংকারকে চিনতে পারা।
আরিফ বলল,
—তাহলে মানুষের সবচেয়ে বড় শত্রু কি তার নিজের অহংকার?
অনিরুদ্ধ উত্তর দিলেন,
—অহংকার মানুষকে শুধু অন্যের কাছ থেকে দূরে সরায় না, নিজের কাছ থেকেও বিচ্ছিন্ন করে। যে মানুষ নিজেকে সবকিছুর কেন্দ্র মনে করে, সে একসময় পৃথিবীর সঙ্গে নিজের সম্পর্কটাই হারিয়ে ফেলে।
সন্ধ্যা ঘনিয়ে আসছিল। নদীর ওপারে সূর্য ডুবে যাচ্ছিল। আকাশের রং বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে। মনে হচ্ছিল, প্রকৃতি নিজেই আমাদের সামনে একটি সত্য তুলে ধরছে—কোনো আলোই চিরস্থায়ী নয়, কোনো সৌন্দর্যই অপরিবর্তনীয় নয়। আমি অনিরুদ্ধকে জিজ্ঞেস করলাম,
—মানুষ তাহলে কী রেখে যাবে? সবকিছু যদি একদিন হারিয়ে যায়, তবে জীবনের সার্থকতা কোথায়?
তিনি বললেন,
—মানুষের সবচেয়ে বড় অর্জন তার রেখে যাওয়া মানবিকতা। তুমি কত সম্পদ রেখে গেলে, তার চেয়ে বড় প্রশ্ন হলো, কত মানুষের জীবনে ভালো কিছু রেখে গেলে। কতজনের দুঃসময়ে পাশে দাঁড়ালে, কতজনের চোখের জল মুছে দিলে, কত মানুষের স্বাধীনতা ও মর্যাদাকে সম্মান করলে। সম্পদের উত্তরাধিকারী তৈরি করা সহজ, মানবিকতার উত্তরাধিকারী তৈরি করা কঠিন।
আমি বললাম,
—কিন্তু মানুষ তো একদিন সবকিছু ভুলে যায়। ভালো কাজের স্মৃতিও কি চিরকাল থাকে?
অনিরুদ্ধ বললেন,
—না, স্মৃতিও চিরস্থায়ী নয়। মানুষ ভুলে যায় ইতিহাসও অনেক সময় বিস্মৃত হয়। কিন্তু কোনো ভালো কাজের মূল্য শুধু কত দিন মানুষ সেটি মনে রাখল তার ওপর নির্ভর করে না। তুমি যখন কারও বিপদে পাশে দাঁড়াও তখন সেই মুহূর্তের মানবিকতাই তার নিজস্ব মূল্য বহন করে। প্রতিদানের প্রত্যাশা ছাড়া কাউকে ভালোবাসতে পারা, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যের অধিকারকে নিজের অধিকারের মতো সম্মান করা এসবের জন্য অমরত্বের প্রয়োজন হয় না।
আমি কথাগুলো শুনে নিজের দিকে ফিরে তাকালাম। মানবাধিকারের কথা বলি মানুষের মর্যাদার কথা লিখি, অন্যায়ের প্রতিবাদ করি। কিন্তু নিজের কাছের মানুষের সঙ্গে আচরণে কি সব সময় সেই মর্যাদা রক্ষা করতে পেরেছি? যাদের জন্য কথা বলি, তাদের মতো করে কি নিজের চারপাশের মানুষগুলোকেও শুনেছি? যে মানুষটি আমার সঙ্গে দ্বিমত করেছে তাকে কি যথেষ্ট সম্মান দিয়েছি? যে মানুষটি আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি, তার সীমাবদ্ধতাকে কি বুঝতে চেষ্টা করেছি?
আমি উপলব্ধি করলাম মানবিকতার সবচেয়ে কঠিন পরীক্ষা জনসমক্ষে নয় ব্যক্তিগত সম্পর্কে। মঞ্চে দাঁড়িয়ে মানুষের স্বাধীনতার কথা বলা সহজ; ঘরের ভেতরে প্রিয় মানুষের স্বাধীনতাকে সম্মান করা কঠিন। অন্যের অধিকার নিয়ে লেখা সহজ; নিজের অধিকারের সীমা মেনে নেওয়া কঠিন।
আরিফ এবার ধীরে ধীরে বলল,
—আমি সারাজীবন সম্পদের পেছনে ছুটেছি। ভেবেছি, যত বেশি অর্জন করব, তত বেশি নিরাপদ হব। কিন্তু আজ মনে হচ্ছে, অনেক কিছু অর্জন করতে গিয়ে হয়তো অনেক কিছু হারিয়েছি।
অনিরুদ্ধ তার কাঁধে হাত রেখে বললেন,
—উপলব্ধির জন্য কখনোই দেরি হয় না। জীবনের অর্থ অতীতের ভুলগুলো গুনে বের করা নয়; বাকি সময়টুকু কীভাবে ব্যবহার করবে, সেটি বুঝতে পারা।
আরিফ কিছুক্ষণ পর চলে গেল। অনিরুদ্ধও তাঁর পুরোনো সাইকেলটি নিয়ে বাড়ির পথে হাঁটলেন। আমি নদীর পাড়ে একা দাঁড়িয়ে রইলাম।
সেদিন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল কোনো দর্শন শুনে নয়, নিজের সঙ্গে নিজের পরিচয় হয়ে। এতদিন যেসব কথাকে আমি বিশ্বাস বলে জানতাম, সেগুলোর কতটুকু আমার জীবনযাপনে উপস্থিত, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। আমি কি সত্যিই অনাসক্ত? নাকি প্রাপ্তির আকাঙ্ক্ষাকে দার্শনিক ভাষায় আড়াল করি? আমি কি সত্যিই স্বাধীনতাপ্রিয়? নাকি নিজের স্বাধীনতাকেই শুধু বেশি মূল্য দিই? আমি কি সত্যিই ভালোবাসতে জানি? নাকি ভালোবাসার মধ্যেও নিজের প্রয়োজনের প্রতিফলন খুঁজি?
সেদিন প্রথম বুঝেছিলাম মানুষ নিজের কাছে সবচেয়ে বেশি মিথ্যা বলে তখনই, যখন সে নিজের সম্পর্কে একটি সুন্দর ধারণা তৈরি করে ফেলে। সেই ধারণাকে বাঁচিয়ে রাখতে সে নিজের ভুলের ব্যাখ্যা তৈরি করে, অন্যের ভুলকে বড় করে দেখে, নিজের আকাঙ্ক্ষাকে নৈতিকতার পোশাক পরায়। রাতে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের মুখের দিকে তাকিয়ে মনে হলো, এই মানুষটিও একদিন থাকবে না। তার পরিচয়, অহংকার, অর্জন—সবই সময়ের কাছে একদিন সমর্পিত হবে। অথচ এই মানুষটিই কত সহজে বলে, আমার জীবন, আমার ঘর, আমার সম্পদ, আমার মানুষ! মনে পড়ল, জীবনের কতটা সময় ব্যয় করেছি নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে। কতবার ভেবেছি, আমাকে বুঝতে হবে, আমাকে মূল্য দিতে হবে, আমার অনুপস্থিতি অনুভব করতে হবে। অথচ কখনো কি ভেবেছি, আমিও কি অন্যের অনুপস্থিতিতে তার অভাব অনুভব করেছি? অন্যের নীরবতার পেছনে থাকা কষ্টটুকু বুঝতে চেয়েছি? আমার নিজের প্রত্যাশার বাইরে দাঁড়িয়ে কাউকে দেখার চেষ্টা করেছি?
সেই রাতে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। বরং প্রশ্নগুলো আরও গভীর হয়েছিল। আমি বুঝলাম, দর্শন মুখস্থ করা যায়, উদ্ধৃত করা যায়, লেখা যায়; কিন্তু নিজের জীবনে ধারণ করা সবচেয়ে কঠিন। মানুষ যতক্ষণ নিজের ভেতরের স্বার্থ, ভয়, ঈর্ষা, অহংকার ও অধিকারবোধের মুখোমুখি না হয়, ততক্ষণ তার সমস্ত দার্শনিক উচ্চারণ কেবল শব্দের অলংকার হয়ে থাকে।
পৃথিবী আসলে এক বিশাল সরাইখানা। এখানে কেউ আসে, কেউ চলে যায়। কেউ কিছুদিনের জন্য ঘর বাঁধে, কেউ কারও হাত ধরে পথ চলে, কেউ কারও স্মৃতিতে বেঁচে থাকে। কিন্তু কেউই চিরস্থায়ী মালিক নয়। আমরা সবাই সময়ের কাছে সাময়িক আমানত। যে ঘরকে নিজের বলি, একদিন সেটি অন্য কারও ঠিকানা হবে। যে সম্পদ নিয়ে অহংকার করি, তা অন্যের হাতে চলে যাবে। যে সৌন্দর্য নিয়ে গর্ব করি, সময় একদিন তার রূপ বদলে দেবে। যে নাম ও পরিচয় প্রতিষ্ঠার জন্য জীবন ব্যয় করি, কালের প্রবাহে তা-ও বিস্মৃত হতে পারে। তবু মানুষের হাতে একটি সুযোগ থাকে। সে চাইলে অন্যের জীবনে ভালোবাসা হয়ে থাকতে পারে, মমতা হয়ে থাকতে পারে, মানবিকতার কোনো স্মৃতি হয়ে থাকতে পারে। সম্পদের মালিকানা হারিয়ে যায়, ক্ষমতার আসন বদলে যায়, সৌন্দর্য ম্লান হয়; কিন্তু মানুষের প্রতি মানুষের মমতার নৈতিক মূল্য কখনো সম্পদের পরিমাপে নির্ধারিত হয় না।
আজও আমি নিজের সঙ্গে সেই অসমাপ্ত লড়াইয়ে আছি। এখনো স্বীকৃতি পেতে ভালো লাগে, অবহেলায় কষ্ট হয়, ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা জন্মায়, নিজের অর্জনকে স্থায়ী করে রাখার বাসনা জাগে। কখনো নিজের দর্শনের সঙ্গে নিজের আচরণের বিরোধ দেখি। কখনো মনে হয়, আমি যা লিখি, তা-ই যদি হতে না পারি, তবে আমার লেখার নৈতিক শক্তি কোথায়? আবার এটাও বুঝি, মানুষ সম্পূর্ণ দ্বন্দ্বমুক্ত কোনো সত্তা নয়। নিজের সীমাবদ্ধতা চিনতে পারাও আত্মোপলব্ধির একটি পর্যায়। তাই নিজেকে আর নির্দোষ প্রমাণ করতে চাই না। বরং প্রতিদিন নিজের ভেতরের মালিকানাবোধ, অহংকার ও আত্মমুগ্ধতার বিরুদ্ধে প্রশ্ন তুলতে চাই। কারণ অন্যকে বদলানোর আগে নিজের ভেতরের মানুষটিকে চিনতে পারা জরুরি। শেষ পর্যন্ত আমার কাছে প্রশ্নটি আর শুধু পৃথিবীর সম্পদ কিংবা মানুষের মালিকানা নিয়ে নয়; প্রশ্নটি আমার নিজের অস্তিত্ব নিয়েও।
যে দেহ আমার স্থায়ী সম্পদ নয়, যে প্রাণের স্থায়িত্ব আমার হাতে নেই, যে জীবনও কেবল সাময়িক আশ্রয়, সেখানে এত ‘আমার আমার’ কেন?
আর যে মানুষকে ভালোবাসি, তাকে নিজের মতো করে পাওয়ার এত আকাঙ্ক্ষা কেন?
যে পরিচয়কে অমর করতে চাই, তা যদি একদিন সময়ের অতলে হারিয়ে যায়, তবে এই আত্মপ্রতিষ্ঠার এত আয়োজন কেন?
আমি জানি না, এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর কখনো পাব কি না। শুধু জানি, প্রশ্নগুলো আমাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে রাখে। আর সেই মুখোমুখি দাঁড়ানোর মধ্যেই হয়তো আত্মোপলব্ধির শুরু।
