অর্ধবার্ষিক পরীক্ষায় দুর্দান্ত ফল করায় নিজের ১৫ বছর বয়সী ছেলেকে আড়াই কোটি টাকার বিলাসবহুল স্পোর্টস কার উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যবসায়ী বাবা।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসি এলাকার পারাজ গ্রামের বাসিন্দা ও সফল চাল ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা তার ছেলে মহম্মদ তালহাকে এই অমূল্য উপহার দেন।
বর্ধমানের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র তালহা ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় বাবা তার দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ করলেন। ছেলের পছন্দের হালকা সবুজ রঙের বিএমডব্লিউ এম ফোর কম্পিটিশন (BMW M4 Competition) গাড়িটি কিনতে ব্যবসায়ী বাবা সরাসরি মুম্বাই পাড়ি জমান এবং সেখান থেকে গাড়িটি আনিয়ে চমকে দেন সবাইকে।
ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা কেবল চালের ব্যবসাই করেন না, বরং মধ্যপ্রাচ্য ও ভিয়েতনামে চাল রপ্তানি করে আন্তর্জাতিক বাজারেও তার সুনাম রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে গাড়ির ভীষণ শৌখিন এবং বলিউড তারকা শাহরুখ খানের অন্ধ ভক্ত। তার সংগ্রহে রেঞ্জ রোভার ও ভলভোর মতো আরও একাধিক দামি গাড়ি রয়েছে, যেগুলোর নম্বর প্লেটের শেষে বিশেষ শখ করে ‘৫৫৫’ সংখ্যাটি যুক্ত করা হয়েছে। তবে ১৫ বছর বয়সী তালহা এখনো অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং তার ড্রাইভিং লাইসেন্স না থাকায়, গাড়িটি সে নিজে চালাবে না। তালহা জানিয়েছে, আপাতত পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি সপ্তাহে কেবল একদিন বাবার সাথে সে এই গাড়িতে ঘুরতে বের হবে এবং সে সময় গাড়িটির চালকের আসনে থাকবেন তার বাবা নিজেই। গ্রামীণ এলাকায় এমন চটকদার ও বিলাসবহুল গাড়ি আসার পর থেকে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
