এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;
কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘ ১৯ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে অবশেষে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নির্বাপণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর বিকেলে আগুন নিয়ন্ত্রণের মূল কার্যক্রম শুরু হয়।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানান, ওই কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা হবে কি না, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বর্তমানে তাঁদের একমাত্র অগ্রাধিকার হলো নিরাপদে জ্বলন্ত আগুন নির্বাপণ ও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা।
তিনি আরও বলেন, আগুন পুরোপুরি নেভানোর জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হয়েছে। তবে ঠিক কত দিনের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিশেষজ্ঞ দল গ্যাসের মজুদ ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধান চালাবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে নলকূপ (টিউবওয়েল) স্থাপনের সময় হঠাৎ গ্যাস উদ্গিরণ শুরু হয়। পরবর্তী সময়ে সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এরপর থেকে টানা ১৯ দিন ধরে জ্বলছে আগুন।
ঘটনার পর থেকে বাপেক্স ও পেট্রোবাংলার পাশাপাশি সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে।
