অনলাইন ডেস্ক:

শিক্ষা খাতের নানা সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, ‘নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি।’ এ ধরনের অনিয়ম থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লাস্ট ওয়ার্নিং, নো ওয়ে।’

১১ আগস্ট দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তিনি শিক্ষার্থীদের জন্যই দায়িত্ব নিয়েছেন এবং তাদের কল্যাণে কাজ করছেন। তাই বুঝেশুনে আন্দোলন করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে আন্দোলনে যাওয়ার আগে তাঁর সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিয়ে প্রশ্ন করারও আহ্বান জানান শিক্ষার্থীদের।

তিনি বলেন, বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনো এগিয়ে নেওয়া সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে অতিমাত্রায় রাজনীতি শুরু হয়েছে। সরকারের বয়স ছয় মাস না হতেই মিথ্যা অজুহাতে যারা রাজনীতি করছে, তারা দেশের উন্নতি নয়, বরং অধঃপতন চায়। এ ধরনের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো ফল করতে পারছে না, তাও খতিয়ে দেখবে সরকার।