মোঃ আরাফাত সানি, টেকনাফ;

দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন বলে আয়োজকদের দাবি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা শাখার আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অংশ নেন।

পরে শোভাযাত্রাটি শাপলা চত্বরের জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, “যেভাবেই হোক টেকনাফ থেকে মাদক নির্মূল করা হবে। ছাত্রদল সন্ত্রাস ও মাদকমুক্ত সংগঠন। সীমান্তবর্তী এই উপজেলাকে ১৭ বছর ধরে পতিত ফ্যাসিস্টরা মাদকের কলঙ্কের দাগ লাগিয়েছিল। সেই দাগ মুছে দিতে আমরা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব। পাশাপাশি মানবপাচার, অপহরণসহ সব ধরনের অপরাধে জড়িতদের প্রতিহত করতে ছাত্রদল সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, “টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগকে কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। রাজপথে থেকে ছাত্রদল সব ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সদা সজাগ থাকবে।”

প্রায় আট বছর পর নতুন কমিটি অনুমোদন দেওয়ায় সমাবেশ থেকে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর কক্সবাজার জেলা ছাত্রদল ১৭ সদস্যবিশিষ্ট টেকনাফ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়।