সিবিএন ডেস্ক:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হচ্ছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল অনলাইন ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে নিজেদের ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করতে পারবে। পাশাপাশি পরীক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।
যেভাবে অনলাইনে ফলাফল জানা যাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—
১. https://eduboardresults.gov.bd
২. https://educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এসএমএসে ফলাফল জানার নিয়ম
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কমিটি আরও জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে ফলাফল সংগ্রহের সুযোগ নেই। পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে হবে।
