মোহাম্মদ সেলিম উদ্দীন, সৌদি আরব থেকে:
সৌদি আরবের রাজধানী রিয়াদে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ সেকশন)-এর পরিচালনা পর্ষদ (BOD) নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৪ অক্টোবর স্কুল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে। প্রবাসের কর্মব্যস্ততা ঠেলে প্রিয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ও নীতিনির্ধারণে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ অভিভাবকরা।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে অভিভাবকরা তাদের যোগ্য প্রতিনিধিদের বেছে নিয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ১৫১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন কিং সৌদ ইউনিভার্সিটির ফার্মাসিটিক্যাল বিভাগের অধ্যাপক ডঃ এ.এফ.এম. মতিউর রহমান। ১৪৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কিং সৌদ ইউনিভার্সিটির ফার্মাসী বিভাগের অধ্যাপক ডঃ মহসিন কাজী এবং ১৪৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডাক্তার আবুল বাশার মোহাম্মদ।
এ ছাড়া বিজয়ী অন্য প্রার্থীরা হলেন মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রশিদ আহমেদ এবং ইঞ্জিনিয়ার আশরাফ সিদ্দিকী।
নির্বাচন চলাকালীন ও ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে বরণ করে নেন প্যারেন্টস ফোরামের নেতৃবৃন্দ ও সাধারণ অভিভাবকরা।
এ সময় প্যারেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান মনির, আহ্বায়ক সবুর আহমেদ, সদস্য সচিব ফখরুল ইসলামসহ ফোরামের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এই পরিচালনা পর্ষদের মূল অঙ্গীকার স্কুলের শিক্ষার মান উন্নয়ন, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের নিরাপদ ও সুন্দর শিক্ষাবেশ নিশ্চিত করা।
