মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সাবেক উপ সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার), কুতুবদিয়া নিবাসী আবদুল গফুর কুতুবী আর নেই। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। আবদুল গফুর কুতুবীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আবদুল গফুর কুতুবী কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির আহবায়ক মোহাম্মদ জোবাইর রাসেলের পিতা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন জাগদল এর কুতুবদিয়া উপজেলা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মরহুম আবদুল গফুর কুতুবী ২০১৬ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
সোমবার (২৬ অক্টোবর) জোহরের নামাজের পর কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আবদুল গফুর কুতুবীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট বিএনপি নেতা গিয়াস উদ্দিন জিকু জানিয়েছেন।এছাড়া, চট্টগ্রাম শহরের রাহত্তারপুল নুর বেগম মসজিদের মাঠে রোববার এশারের নামাজ এর পর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কালেক্টরেট সহকারী সমিতির শোক :
কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির আহবায়ক মোহাম্মদ জোবাইর রাসেলের পিতা আবদুল গফুর কুতুবীর মৃত্যুতে কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ প্রেরিত এক শোকবার্তায় মরহুমের মৃত্যু শুধু তাদের একজন সহকর্মীর পিতার মৃত্যু নয়, একইসাথে এলাকাবাসীও তাদের একজন প্রবীণ মুরব্বীকে হারালো। সমিতির সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
