জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
টেকনাফে দীর্ঘ ৩২ বছর পর ২০২৭ সাল থেকে হ্নীলা আল ফালাহ একাডেমীর শিক্ষার্থীরা প্রথমবারের মতো নিজেদের প্রতিষ্ঠানের নামে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে রেজিস্ট্রেশনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্র জানায়, কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ৭১ জন শিক্ষার্থী নির্বাচনী তথা টেস্ট পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪৬ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী রয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১১ নভেম্বর এ টেস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। স্কুল সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে আল ফালাহ একাডেমীর শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে আসছেন। এতদিন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আল ফালাহ একাডেমীর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন।
প্রথমবারের মতো নিজেদের প্রতিষ্ঠানের নামে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আল ফালাহ একাডেমীর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এসএসসি পরীক্ষার্থী জয়নাব শারমিন সাদিয়া ও ফরহাদ তানভির নয়ন জানান, “আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। আমাদের ব্যাচ (২০২৭ ব্যাচ) প্রথমবারের মতো নিজ স্কুলের নামে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব। সবার দোয়ায় ২০২৭ ব্যাচের পরীক্ষার্থীরা স্কুলের সুনাম বয়ে আনতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।”
স্কুল কমিটির প্রভাবশালী সদস্য ও অভিভাবক বাহাদুর শাহ তপু জানান, ২০২৭ সাল থেকে আল ফালাহ একাডেমীর শিক্ষার্থীরা নিজেদের স্কুলের নামে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অভিভাবক ও কমিটির সদস্য হিসেবে এটি সত্যিই আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘ বছর পর অনেক চড়াই-উতরাই পেরিয়ে শিক্ষক ও কমিটির ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজ আল ফালাহ একাডেমীর শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের নামে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
পাঠদানের স্বীকৃতিসহ নিজ স্কুলের নামে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্কুলের প্রধান শিক্ষক নুর হোছাইন ছিদ্দিকী জানান, গুণগত শিক্ষার মান প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৪ সালে কিন্ডারগার্টেন হিসেবে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৯ সাল থেকে তিনি আল ফালাহ একাডেমীর দায়িত্ব নেন। প্রশাসন ও কমিটির সহযোগিতায় গত বছর নবম শ্রেণির পাঠদান এবং একই সঙ্গে ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমোদন লাভ করেন।
তিনি জানান, প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ৭১ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে এক বেঞ্চে একজন করে বসিয়ে সিট প্ল্যান অনুযায়ী টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। নির্বাচনী পরীক্ষায় যারা কৃতকার্য হবেন, কেবল তারাই মূল বা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রথমবারের মতো এই শুভলগ্নে তিনি স্কুলের দাতা, প্রয়াত শিক্ষক, কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে কিন্ডারগার্টেন স্কুলের আদলে হ্নীলা আল ফালাহ একাডেমী প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ৩২ বছর পর ২০২৭ সাল থেকে প্রথমবারের মতো এসএসসি ২০২৭ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের নামে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন।
