চৌফলদন্ডী প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ৪নং ওয়ার্ড ডেইল পাড়া মসজিদের সামনে দিনদুপুরে এক প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়েছে।

২৬ অক্টোবর বিকালে ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিক চেনা যায়নি। আহত প্রবাসী পোকখালী ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় মেলেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলম। তিনি বলেন “আমি পরিষদে ব্যস্ত। তখন এক পুলিশ অফিসার আমাকে ফোন করে ঘটনাটি বললে আমি খোঁজ নিয়ে দেখি। তাৎক্ষণিক ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় প্রেরণ করি। হামলাকারীকে পাওয়া যায়নি। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি তারা ৫নং ওয়ার্ডের বাসিন্দা। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।”

ঘটনার বিষয়ে চৌফলদন্ডী পুলিশ বিট অফিসার এসআই তাহের বলেন, “আমি সারাদিন রাখাইনদের প্রবারণা পূর্ণিমার ডিউটিতে আছি। এ ধরনের সুনির্দিষ্ট কোন তথ্য এখনো আমার কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।”

স্থানীয় বাসিন্দারা বলেন, দিনের বেলায় এমন ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

অপরাধরোধে চৌফলদন্ডীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী।